রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় চেষ্টা করার অভিযোগে আরও এক ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


\r\n

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ১৩৫ নম্বর কক্ষে ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষায় আরেকজনকে মোবাইলসহ আটক করা হয়।


\r\n

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভর্তিচ্ছু মো. সামস্ আজমাইন মেসেঞ্জারের মাধ্যমে ছবি পাঠানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর খুঁজার চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়ে। জানা গেছে, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।


\r\n

বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরের বরাত দিয়ে জানা যায়, দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হওয়ার পর ভর্তিচ্ছুর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন পরীক্ষার হলে থাকা পরিদর্শক। তিনি দেখতে পান, ৩টা ১৩ মিনিটে একজন শিক্ষার্থী ছবি তুলেছেন এবং ৩টা ৩০ মিনিটে আরেকটি ছবি মেসেঞ্জারের মাধ্যমে অন্যজনকে পাঠান। পরে তিনি ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়।


\r\n

রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, “পরীক্ষা সুন্দরভাবে শুরু হয়েছিল, কিন্তু প্রথম শিফটের একজন শিক্ষার্থী মোবাইল ব্যবহার করে ধরা পড়ার খবর পেয়েছি। এরপর দ্বিতীয় শিফটেও একই ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে মামলা করা হবে এবং ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অসদুপায় অবলম্বন না করে, সে জন্য আমি নিজে বাদী হয়ে মামলা করব।”


\r\n

রাবি ভর্তি পরীক্ষায় এ পর্যন্ত অসদুপায় চেষ্টা করার অভিযোগে মোট পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, একজনের তথ্য এখনও জানা যায়নি, এবং বাকি দুজন রাবি ক্যাম্পাসে পরীক্ষা দিচ্ছিলেন।