রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ-এর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছে রাকসু। সংগঠনটির জিএস সালাহউদ্দিন আম্মারের সঙ্গে রেজিস্ট্রারের অশোভন আচরণের ঘটনা নিন্দাজনক বলে রাকসু দাবি করেছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ লিখিত বক্তব্য পাঠ করে জানান, বিষয়টি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রারকে অপসারণের ব্যবস্থা নিতে হবে।

রাকসু জানায়, বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দীর্ঘস্থায়ী অচলাবস্থা ২৩ দিন অতিক্রম করেছে। শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় রাকসু প্রশাসনের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে।

জাহিদ বলেন, উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অপসারণের নির্দেশে স্বাক্ষর করেছেন এবং ফাইলটি রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়। কিন্তু রেজিস্ট্রার দপ্তর ওই চিঠি সময়মতো ইস্যু করেননি, ফলে শিক্ষার্থীরা আরও একদিন একাডেমিক ক্ষতির মুখে পড়ে।

রাকসু সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার রেজিস্ট্রার দপ্তরে যোগাযোগ করলে জানানো হয়, রেজিস্ট্রার রাজনৈতিক প্রোগ্রামে ব্যস্ত। পরে সরাসরি দেখা করার চেষ্টা করলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। জাহিদ বলেন, “একজন নির্বাচিত ছাত্রপ্রতিনিধির সঙ্গে এমন আচরণ রাকসুর মর্যাদা ক্ষুন্ন করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নীতিমালার পরিপন্থী।”

সংবাদ সম্মেলনে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, তথ্য ও গবেষণা সম্পাদক বি.এম নাজমুস সাকিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা সহ অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।