রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অস্ত্র মজুত ও সংখ্যালঘু শিক্ষার্থীদের হুমকির অভিযোগ করেছে ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।

বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “বহিরাগতদের ক্যাম্পাসে এনে লাল জার্সি পরিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। বেতারের মাঠে অস্ত্র মজুত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

তিনি আরও অভিযোগ করেন, “শিবির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ভোট না দিতে হুমকি দিয়েছে। অনেক ভুয়া সাংবাদিক পরিচয়ে তাদের কর্মীরা ক্যাম্পাসে ঘুরছে।”

জিএস প্রার্থী নাফিউল ইসলাম বলেন, শহীদুল্লাহ কলাভবনে এক ঘণ্টা ভোট বন্ধ ছিল এবং ১০০ ব্যালট পেপারে আগেই স্বাক্ষর করা হয়। তিনি ভোট জালিয়াতির আশঙ্কা তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চান।

ছাত্রদল প্রার্থীরা অভিযোগ করেন, রোভার স্কাউট ও কিছু স্বেচ্ছাসেবক সংগঠনও শিবিরের পক্ষে ভোট চেয়েছে। তাঁরা অনিয়মের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।