রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় গেজেট থেকে বঞ্চিত ১৩ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর জন্য মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি জানান, গেজেট বঞ্চিত প্রার্থীদের দ্রুত গেজেটভুক্ত করা হোক এবং তাদের যোগদান নিশ্চিত করা হোক। পাশাপাশি প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা ও সংশোধনও দাবি করা হয়।
আইন বিভাগের শিক্ষার্থী মারিশা আক্তার জিতন বলেন, “৫ আগস্ট পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪ ভাই-বোন সুপারিশপ্রাপ্ত হলেও গেজেটভুক্ত হননি। এটি একটি স্পষ্ট অবিচার, যা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই অনতিবিলম্বে তাদের গেজেটভুক্ত করে সসম্মানে চাকরিতে বহাল করা হোক।”
আরেক শিক্ষার্থী এম. এজ. বকুল বলেন, “৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে ন্যায়, সাম্য ও শান্তি থাকবে। কিন্তু ১৭তম জুডিশিয়াল গেজেটে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইরা সুপারিশপ্রাপ্ত হলেও অন্তর্ভুক্ত হননি। আমরা চাই, এই চাকরিতে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও সমতার পরিবেশ নিশ্চিত হোক।”
আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহরুখ মাহমুদ বলেন, “বিজেএসের নিয়োগ বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আবেদন—আপনারা সোচ্চার হন। যদি মেধাবীরা অবমূল্যায়ন হয়, তাহলে এই ফ্যাসিস্ট সংস্কৃতি চালু থাকবে এবং পূর্বের ফ্যাসিস্ট রেজিমের মতো বীজ বুনবে।”
মানববন্ধনে আইন বিভাগের বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।





