রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকা থেকে শুক্রবার (৩০ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবাইদা ইসলাম ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচণ্ডী এলাকায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার হওয়া বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকায় অবস্থিত। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মানসিক চাপ বা বিষণ্নতা থেকে এমন ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষার্থীর অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া ফেলেছে। সহপাঠী ও শিক্ষকরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।





