রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষককে সাময়িকভাবে সব ধরনের বিভাগীয় কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকা দুই সহকারী অধ্যাপক হলেন সাজু সরদার এবং তানজিল ভূঞা। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিভাগে উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের অভিযোগের প্রাথমিক তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের অ্যাকাডেমিকসহ সকল বিভাগীয় কাজে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে গত ১৭ দিন ধরে সহকারী অধ্যাপক তানজিল ভূঞার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন বিভাগটির শিক্ষার্থীরা। পরিস্থিতি জটিল আকার নেওয়ায় আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ রোববারের মধ্যেই বিষয়টির সমাধানের জন্য আল্টিমেটাম দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্ত কমিটি প্রাপ্ত অভিযোগ যাচাই করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





