লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আগামী ২৬ ডিসেম্বর দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম, বেলাল খান ও সানিয়া সুলতানা লিজা। এ ছাড়া অনুষ্ঠানের থিম সং গেয়েছেন কণ্ঠশিল্পী বেলাল খান, যা ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

এই শতবর্ষ পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ।

দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম জানান, শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন থাকছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্যরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

শিক্ষা, ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠান—এমনটাই আশা করছেন আয়োজক ও প্রাক্তন শিক্ষার্থীরা।