রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। জাহাজে ইতোমধ্যে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এতে করে বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দেয়।
এই পরিস্থিতিতে জাহাজে ইতোমধ্যে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির জন্য অস্থায়ী ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।
মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য হুমকির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ মার্চের মধ্যে যেসব রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে লোড করা হয়েছে, সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে কোনো বাধা ছাড়াই সরবরাহ করা যাবে।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জ্বালানি খাতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাকসহ উপসাগরীয় দেশগুলো এই পথ ব্যবহার করে বিশ্ববাজারে তেল ও গ্যাস রপ্তানি করে।





