ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
আহত পুলিশ সদস্যরা হলেন—এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। তাঁদের মধ্যে দু’জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত বিএনপি নেতাকর্মীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের পরাজয়ের কারণ নিয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে কাজ করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
একপর্যায়ে কয়েকজন থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, সমন্বয় সভা চলাকালে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে তারা থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।





