রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অবিলম্বে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটে পাওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) মাঠে আয়োজিত এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, কোনো ফ্যাসিস্টের সহযোগীর বক্তব্য শোনার জন্য নয়, বরং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি তুলতেই তারা জাতীয় সংসদে যাবেন। সংস্কার ও বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেদিন রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন বলে জানা গেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য তারা সংসদে যাচ্ছেন না; বরং জনগণের রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানাতেই সংসদে অংশ নেবেন।
দেশের মানুষ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, সেই রায়ের ভিত্তিতে রাষ্ট্র ও সংবিধান সংস্কারের কাজ দ্রুত শুরু করতে হবে। উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার পরিষদ কবে গঠন করা হবে— এসব বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতেই তারা সংসদে যাবেন বলে জানান তিনি।
এ সময় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি এ ঘটনার পেছনে যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়েও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, উদ্যোগটি ভালো হলেও দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। এজন্য দ্রুত ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।





