রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার (১৬ মার্চ) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দুপুর ২টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকায় নিজ বাসা থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে সিটি কর্পোরেশন ভবনে পৌঁছান রিটন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

পরে সিটি ভবনের মেয়র দপ্তরে বিভাগীয় কমিশনার ও তৎকালীন প্রশাসক আনম বজলুর রশিদ লিখিতভাবে তার কাছে কর্পোরেশনের দায়িত্বভার হস্তান্তর করেন।

এর আগে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মাহফুজুর রহমান রিটন নেতাকর্মীদের নিয়ে নগরীর শাহ মখদুম দরগায় মাজার জিয়ারত করেন। সেখানে মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় রিটন বলেন, দায়িত্বে থাকা সময়টুকু নগরবাসীর সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করবেন এবং রাজশাহী নগরীকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও মশা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার কথাও জানান তিনি।