রাসুল (সা.) মাত্র কয়েকজন ব্যক্তির কবরে নেমে তাদের লাশ দাফন করেছেন, তাঁদের একজন ছিলেন আবদুল্লাহ জুল-বিজাদাইন (রা.), যিনি আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামের প্রতি ভালোবাসা থেকে তিনি পরিবার, পৈতৃক সম্পত্তি সব ছেড়ে দিয়েছিলেন।
ইসলাম গ্রহণের আগে তাঁর নাম ছিল আবদুল উজ্জা। পরে নবী মুহাম্মদ (সা.) তাঁর নাম পরিবর্তন করে আবদুল্লাহ রাখেন এবং পরবর্তীতে তিনি 'জুল-বিজাদাইন' নামে পরিচিত হন। ছোটবেলায় পিতার মৃত্যু হলে তিনি চাচার কাছে বড় হন।
মদিনায় হিজরতের পর তিনি চাচার কাছে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে চাচা তাতে রাজি হননি। বরং ক্ষুব্ধ হয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেন এবং তাঁর সব সম্পত্তি ও পোশাক ফিরিয়ে নেন। মা-য়ের দেওয়া সামান কাপড় পরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন।
মদিনায় পৌঁছে নবী (সা.) তাঁর ঘটনা শুনে তাঁকে আসহাবে সুফফায় অন্তর্ভুক্ত করেন এবং থাকার ও খাবারের ব্যবস্থা করেন। তিনি উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করতেন এবং এতে গভীর আনন্দ পেতেন।
আবদুল্লাহ জুল-বিজাদাইন (রা.) তাবুক যুদ্ধে অংশ নেন। আর্থিকভাবে অবদান রাখতে না পারলেও তিনি রাসুল (সা.)-এর কাছে শাহাদাতের দোয়া চান। নবী (সা.) বরং তাঁর জন্য দীর্ঘায়ুর দোয়া করেন।
তাবুক যুদ্ধের কিছুদিন পর জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। রাতের বেলায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। কবরের পাশে আলোর বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন বিলাল (রা.), আর কবরের ভেতরে নেমেছিলেন স্বয়ং রাসুল (সা)। তাঁর জানাজায় লাশ বহন করেছিলেন আর বক্কর (রা) ও ওমর ইবনুল খাত্তার (রা)।





