আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমঝোতার অংশ হিসেবে দলটি জমিয়তের জন্য চারটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনী সমঝোতার আওতায় সিলেট-৫, নীলফামারী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও নারায়ণগঞ্জ-৪—এই চারটি আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীরা বিএনপির সমর্থনে নির্বাচন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-৫ আসনে জমিয়তের আমির উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসেন কাসেমী প্রার্থী হচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এবং হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব।

এ সমঝোতার ফলে এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাননি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।