ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও ৩০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন, বহিষ্কৃত নেতারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন। এ কারণে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহাদ, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুফল উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতা আলম মোতাইদ ও মোবরক হোসেন, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ পাঠান, সরাইল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত আলীসহ আরও অনেকে।

এর আগে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিও স্থগিত করা হয়েছে।