নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দশ দিনে দুই শিশুর মৃত্যুসহ তিনজন আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস জানান, গত ১০ দিনে দুটি শিশু হাসপাতালে ভর্তি হয়। এক শিশু রাইয়ান মিয়ায় হামের প্রাথমিক লক্ষণ দেখা যায়, আর অপর শিশু নোহাশ জন্মের পর থেকেই অসুস্থ ছিল। পরে উভয় শিশুকে ঢাকায় সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

মারা যাওয়া নোহাশের মা শাকিলা আক্তার বলেন, “আমার ছেলে হামে আক্রান্ত ছিল। ১৯ মার্চ সকালে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা যায়। আমরা রূপগঞ্জের চরচনপাড়ায় ভাড়া বাসায় থাকি।” রাইয়ান মিয়ার নানা শামীম মিয়া জানান, তার নাতীর জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কারণে ২৪ মার্চ রাত ১০টায় ঢাকায় সংক্রামক ব্যাধি হাসপাতালে মৃত্যু হয়।

আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, হাইজাদি ও উচিৎপুরা এলাকায় তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উচিৎপুরা ইউনিয়নের আট মাসের যমজ শিশু এবং হাইজাদি ইউনিয়নের ছয় মাসের শিশুও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত এলাকার ২০ পরিবারের শিশুদের উপর জরিপ চালানো হয়েছে, তবে তাদের মধ্যে কোনো নতুন লক্ষণ পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ খানপুর তিনশ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, “আমাদের হাসপাতালে এখনো নতুন কোনো আক্রান্ত শিশু ভর্তি হয়নি, তবে আমরা প্রস্তুত রয়েছি।”

জেলা সিভিল সার্জন ডা. আফম মশিউর রহমান বলেন, “রূপগঞ্জে দুই শিশু মারা গেছে। অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। শিশু জ্বর বা সর্দি হলে পল্লী চিকিৎসকের কাছে নয়, হাসপাতালে নেওয়া উচিত। বায়ু দূষণ ও শিল্প কারখানার কারণে এলাকার পরিবেশ খারাপ, তাই শিশুদের অতিরিক্ত যত্ন প্রয়োজন।”