মিরপুর, ঢাকা: মিরপুর-১৩ এলাকার অভিভাবক সেলিনা রহমান দুই সন্তানের টাইফয়েড টিকা দেওয়ার জন্য ভ্যাক্সইপিআই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন। ওয়েবসাইটে কাছের টিকাকেন্দ্র হিসেবে যে প্রতিষ্ঠান দেখানো হয়েছিল, সেখানে গিয়ে তিনি দেখেন, কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে না।
সেলিনা রহমান জানান, গতকাল রবিবারও তিনি একই কেন্দ্রে গিয়েছিলেন, সঙ্গে আরও কয়েকজন অভিভাবক ছিলেন। তবে কেউ কোনো তথ্য পাননি এবং সবাই হতাশ হয়ে ফিরে যান। আজ সোমবার সকাল ১০টায় তিনি আবারও গিয়েছিলেন, কিন্তু হাসপাতালের কেউ বিষয়টি জানতেন না।
ঘটনাটি ঘটেছে সরকারি ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের কর্তৃপক্ষ জানান, তাদের টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা বা নোটিশ পাওয়া যায়নি। এছাড়া ভ্যাক্সইপিআই ওয়েবসাইটে তাদের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়টিও তারা জানতেন না।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাসব্যাপী টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনা মূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। প্রথম দিনেই সারা দেশে প্রায় ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।





