সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানজনক গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড জিতেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার ক্যারিয়ারের বহুমাত্রিক শক্তি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান ধরে রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানায়, সারা বিশ্বের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যেই এই সম্মাননা। একই অনুষ্ঠানে তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি পেয়েছেন ওমর শরিফ অ্যাওয়ার্ড।

পুরস্কার পাওয়ার পর আলিয়া বলেন, “গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কারজগতের গুরুত্বপূর্ণ প্রতীক। এর সঙ্গে যুক্ত হতে পারা আমার জন্য গর্বের। সামনে আরও শক্তিশালী নারীর গল্প নিয়ে কাজ করতে চাই।”

আলিয়ার প্রতি সম্মান জানাতে উৎসবে আয়োজন করা হয় একটি বিশেষ প্রদর্শনী। সেখানে দেখানো হয় তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলো। শুরু থেকে হাইওয়ে, ডিয়ার জিন্দেগি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, ব্রহ্মাস্ত্র, রকি অউর রানি কি প্রেম কাহানি-প্রত্যেকটি চরিত্রে তার অভিনয়শৈলীর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

রেড কার্পেটে আলিয়ার উপস্থিতিও ছিল আলোচনায়। সোনালি আভাযুক্ত গাউনে তিনি পুরো অনুষ্ঠানে নজর কাড়েন। সৌন্দর্য, আত্মবিশ্বাস আর স্টাইলের মিশেলে তার লুক জমিয়ে তোলে লাল গালিচা।

“সিনেমার প্রতি ভালোবাসা” স্লোগান নিয়ে শুরু হওয়া এ ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরে বিশ্বের ১১১টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।