ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন তুলে নেওয়ায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে ঢোকার আগে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বলেন, তিনি তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রেললাইন তুলে নেওয়ার কারণেই ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। বিষয়টি প্রকাশের পর মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা আন্দোলনে নামেন।

ওই দিন দুপুর ৩টা থেকে আন্দোলন শুরু হলে রেললাইনসহ উপজেলা ও পৌর শহরের অন্তত ৩০টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

এ সময় স্টেশনের কম্পিউটার সিস্টেম, সিগনাল লাইট ও সংযোগ লাইনে আগুন দেওয়া হয়। স্লিপার তুলে নেওয়ায় রেললাইন সরে যায়। ফলে বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।