সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দারুণ সূচনা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। গত রাতের ম্যাচে আল তাউওনের মাঠে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। ম্যাচটিতে হ্যাটট্রিক করে আল নাসর ক্যারিয়ার শুরু করেছেন পর্তুগিজ মিডফিল্ডার হোয়াও ফেলিক্স, আর পেনাল্টি থেকে গোল করে রেকর্ড গড়েছেন রোনালদো।
সৌদি সুপার কাপের ফাইনালে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল আল নাসর। সেই প্রত্যাশা পূরণ করেই লিগে শুভসূচনা করল তারা।
চেলসি থেকে আসা হোয়াও ফেলিক্স মাত্র সাত মিনিটে প্রথম গোল করে আল নাসরকে এগিয়ে দেন। এরপর ৬৭ ও ৮৭ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এর মাঝে ৬৮ ও ৬৯ মিনিটে এক মিনিটের ব্যবধানে গোল করেন রোনালদো ও ক্লাবের নতুন আরেক মুখ কিংসলে কোমান।
এই ম্যাচে গোল করে রোনালদো গড়েছেন অনন্য এক রেকর্ড—ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪টি মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন তিনি। তার মোট গোলসংখ্যা এখন ৯৪০, অর্থাৎ এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে প্রয়োজন আর মাত্র ৬০টি।
রোনালদোর ক্যারিয়ারে এটি পেনাল্টি থেকে ১৭৬তম গোল। বয়স ৪০ পেরিয়ে যাওয়ার পরও এ পর্যন্ত তিনি সরাসরি ৪০টি গোলে অবদান রেখেছেন। ম্যাচশেষে সামাজিক মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘প্রথম ধাপ পার করা হলো।’
আন্তর্জাতিক বিরতির পর সৌদি লিগে আল নাসর পরবর্তী ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হবে আল খোলুদ।
এদিকে জাতীয় দলের হয়ে রোনালদো অংশ নেবেন বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে। ৬ সেপ্টেম্বর পর্তুগাল মুখোমুখি হবে আর্মেনিয়ার, আর ১০ সেপ্টেম্বর খেলবে হাঙ্গেরির বিপক্ষে।





