ভয়াবহ বিমান দুর্ঘটনার ১২ দিন পর আগামীকাল রোববার (৪ আগস্ট) খুলছে রাজধানীর উত্তরা দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে কোনো ক্লাস বা পরীক্ষা হবে না। দিনটি স্মরণ ও শোকের দিন হিসেবে পালিত হবে।
গত ২১ জুলাই কলেজ ভবনের ওপর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে শিক্ষক-শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হন। সেই ঘটনার পর থেকেই কলেজটি বন্ধ ছিল। পরে ২৭ জুলাই খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পরিবারের আবেগ বিবেচনায় ছুটি বাড়ানো হয়।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিহতদের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। সেখানে আহতদের সুস্থতা কামনা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সহায়তায় কাউন্সেলিংসহ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে।
শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত শোক ও দোয়া মাহফিলে কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান বলেন, “আমি সাধারণত ছুটির সময় বাইরে যাই না। কিন্তু সেদিন দুপুর ১টার দিকে প্রধান শিক্ষিকার ডাকে নিয়োগ বোর্ডে যেতে হয়েছিল। মাত্র ৭-৮ মিনিটের ব্যবধানে দুর্ঘটনাস্থল ত্যাগ করেছিলাম। তা না হলে হয়তো আমি আজ এখানে থাকতাম না।”
তিনি বলেন, “যদি দুর্ঘটনাটি আরও কয়েক মিনিট আগে ঘটত, তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হতো। কারণ ছুটির পর শিক্ষার্থীরা ধীরে ধীরে বের হয়।” তিনি উদ্ধার তৎপরতায় শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন এবং যেকোনো অবহেলার দায় নিজের কাঁধে নেন।
শোক অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে নিহত সপ্তম শ্রেণির ছাত্র জারিফ হাসানের বাবা হাবিবুর রহমান জানান, “সেদিন জারিফ স্কুলে যেতে চায়নি। এটা তার মা জানিয়েছে। ও খুব চটপটে, বন্ধুপ্রিয় ছিল।” বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
নিহত সহকারী শিক্ষক মাসুকা বেগমের দুলাভাই খলিলুর রহমান জানান, “তিনি চাইলে নিজে বের হতে পারতেন। কিন্তু শিক্ষার্থীদের রেখে যাননি। মাসুকার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।”
অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি শিক্ষক নুসরাত আলম।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুনরায় স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে ধারাবাহিক কাউন্সেলিং কার্যক্রম পরিচালিত হবে।






