‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জনকে আহত করে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার চালিয়ে বিভ্রান্তি চড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মাহাতাব উদ্দিন ভূঁইয়া ও তার ভাই মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া। 

‎২৬ এপ্রিল (রোববার) বিকেলে বাগবাড়ি একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ আনা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ছাত্রদল নেতা মো: ইউসুফ এবং আবু তাহেরের নেতৃত্বে এসব হামলা ও সম্পত্তি দখল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

‎লিখিত বক্তব্যে মাহাতাব উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিগত ৪৮ বছর যাবত তাদের বাড়ির পাশের খরিদকৃত সম্পত্তি ভোগ দখল করে আসছে তারা। গত ৯এপ্রিল দুপুরে তাদের পারিবারিক কবরস্থান সংস্কার করতে গেলে বিএনপি নেতা মো: জহির উদ্দিন, ফারহানা আক্তার ওরফে শিল্পী, আবু তাহের,ইসমাইল হোসেন, রিয়া আক্তার বাধা দেয়। এসময় প্রতিবাদ করায় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহাতাব উদ্দিনের উপর হামলা চালায় এসময় তাকে বাঁচাতে আসলে তার ভাই আফতার উদ্দিন ভূঁইয়া এবং তার মায়ের উপর হামলা চালিয়ে তাদের প্রত্যেকে গুরুতর আহত করে।

‎এসময় মাকে বাঁচাতে গেলে তারা পরিকল্পিত ভাবে মোবাইলে ভিডিও ধারণ করে এবং সেটা কাট সাট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু  এখনো হামলার ঘটনার সাথে জড়িত কোন আসামী গ্রেফতার করেনি। আসামীরা বাদী পক্ষ কে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও মামলার প্রত্যেক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।