যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিরা মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও গায়েবানা জানাজায় অংশ নেন। দেশ থেকে দূরে থাকলেও দেশের প্রতি তাদের হৃদয়ের টান অমলিন ছিল। রাতের নিস্তব্ধতা, হালকা শীতল বাতাস আর শোকের আবহ সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছিল।
প্রবাসীরা টেলিভিশনের পর্দায় বাংলাদেশে অনুষ্ঠিত মূল জানাজার দৃশ্য দেখছিলেন, যেখানে লাখ লাখ মানুষ তাঁদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাচ্ছিলেন। লস অ্যাঞ্জেলেস বিএনপি কার্যালয় প্রাঙ্গণ শোক ও স্মৃতির আবহে ভারী হয়ে ওঠে। উপস্থিত প্রবাসীরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন শ্রদ্ধা ও গৌরবময় বিদায় আগে দেখা যায়নি।
জানা যায়, বিএনপির নেতা–কর্মীরা খালেদা জিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা, রাজনৈতিক সংগ্রামের মুহূর্ত এবং ব্যক্তিগত স্মৃতি ভাগাভাগি করেন। এসব স্মৃতিচারণায় প্রবাসীরা আবেগাপ্লুত হন এবং নেত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীরভাবে অনুভব করেন।
ক্যালিফোর্নিয়ার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী জাবেদ ইকবালও গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তাঁকে ছাড়া দেশ কল্পনা করা আমাদের জন্য কঠিন। এই সংকটময় সময়ে খালেদা জিয়ার মতো একজন রাজনৈতিক অভিভাবকের প্রয়োজন ছিল।”
কনসাল জেনারেল জানান, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে শোকবই রাখা হয়েছে। প্রবাসীদের এতে স্বাক্ষর করার মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করা হয়েছে।
গায়েবানা জানাজায় ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা বলেন, “খালেদা জিয়া শুধু বাংলাদেশের রাজনীতিতেই নয়, মানুষের হৃদয়েও অমর। তাঁর সংগ্রাম, অদম্য সাহস, গণতন্ত্রের প্রতি অনুগ্রহ ও দেশের জন্য আত্মত্যাগ চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
এছাড়া উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির জেবুল, বদরুল আলম মাসুদ, সাবেক সভাপতি আবদুল বাসেত, কাঞ্চন চৌধুরী, শামসুজ্জোহা বাবলু, সহসভাপতি আফজাল হোসাইন সিকদার, চপল আনসারি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সদস্য মাহতাব আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু আমিন, সম্পাদক সমাজকর্মী মারুফ ইসলাম, মোরশেদুল ইসলাম, আশরাফ হোসেন আকবর, ড. আবুল হাশেম এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম।





