বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং লাইফ সাপোর্টে রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।

৮৯ বছর বয়সী ধর্মেন্দ্র কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যার ইউনিটে স্থানান্তর করেন। পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে অবস্থান করছেন, তবে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। হাসপাতাল সূত্র জানায়, ধর্মেন্দ্র বর্তমানে চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন।

গত সপ্তাহে শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়সজনিত জটিলতার কারণে তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসে তার চোখে গ্রাফট সার্জারি হয়েছে।

ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর ‘বন্দিনী’, ‘অনুপমা’, ‘শোলে’সহ বহু কালজয়ী ছবিতে অভিনয় করে তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ স্থান অর্জন করেন। ভক্তদের কাছে তিনি ‘বলিউডের অরিজিনাল হি-ম্যান’ নামে পরিচিত।

তিনি সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’-তে দেখা গিয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী ছবি ‘ইক্কিস’, যেখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, “ধর্মেন্দ্র এখন চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। ভক্তদের আমরা অনুরোধ করছি গুজব না ছড়িয়ে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে।”

অপরদিকে, ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তার সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।