কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করেছেন।


তিনি দীর্ঘদিন ধরে শতাধিক কোটি টাকা ঋণ পরিশোধ না করার কারণে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হন। এ কারণে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়। এর বিরুদ্ধে মুন্সি আদালতে রিট আবেদন করেন। অভিযোগ আছে, নিজের ছেলেকে দিয়ে আদালতে মব তৈরি করানোর মাধ্যমে মুন্সি নিরাপত্তার শঙ্কা সৃষ্টি করেছেন।


বুধবার (২১ জানুয়ারি) রিটের শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন মুন্সি। এ সময় একজন সাংবাদিক তার ভিডিও ধারণ করতে গেলে মুন্সি হাতে থাকা স্টিলের লাঠি দিয়ে সাংবাদিককে আঘাত করেন। আঘাতে সাংবাদিকের মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হয়।


ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঘটনাটিকে ‘চোরের মায়ের বড় গলা’ ধরনের উদাহরণের সঙ্গে তুলনা করেছেন।


এরপর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। ফলে মুন্সি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আইনজীবীরা জানিয়েছেন।


উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সির প্রতিদ্বন্দ্বী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।