ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারতে আগমন ঘনিয়ে আসায় কলকাতায় উত্তেজনা তুঙ্গে। শুক্রবার গভীর রাতে তিনি শহরে পৌঁছে বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে উঠবেন।
১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘গোট কনসার্ট’। একই দিনে লেক টাউন মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের পরিকল্পনা ছিল। শুরুতে সরাসরি উপস্থিত থেকে উদ্বোধনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে হোটেল থেকেই ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন মেসি।
এই একই স্থানে কয়েক বছর আগে দিয়েগো ম্যারাডোনা এসে নিজের মূর্তি উদ্বোধন করেছিলেন, যা এখনো স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ স্মৃতি।
এ ছাড়া জানা গেছে, ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগানের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের স্মারক হিসেবে বিশেষভাবে তৈরি ১৯১১ সালের অনুকরণে একটি জার্সি মেসিকে উপহার দেওয়া হবে। মোহনবাগান কর্তৃপক্ষই এই জার্সি তাঁর হাতে তুলে দেবে।
কলকাতার অনুষ্ঠান শেষে সেদিনই হায়দরাবাদে উড়াল দেওয়ার কথা রয়েছে মেসির।





