লিওনেল মেসির ইন্টার মায়ামিকে হারিয়ে লিগস কাপ জিতেছে সিয়াটল সাউন্ডার্স। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিয়াটলের লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলে জয় পায়।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করে ইন্টার মায়ামি। পুরো ম্যাচে তারা ৬৮ শতাংশ বল দখলে রাখে এবং ১০টি শট নেয়। তবে কোনো শটই লক্ষ্যে পৌঁছায়নি। বিপরীতে সিয়াটল ৩২ শতাংশ বল দখলে রেখেও ১১টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল টার্গেটে।

২৬ মিনিটে ওসাজে ডি রোজারিওর হেড থেকে গোল পেয়ে এগিয়ে যায় সিয়াটল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে ওয়াশিংটনের এই ক্লাব। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ান রোলডান এবং ৮৯ মিনিটে পল রথরক গোল করে ব্যবধান বাড়ান।

পুরো ম্যাচে মেসি নিষ্প্রভ ছিলেন। ৯০ মিনিট মাঠে থেকে পাঁচটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি। ৫০ মিনিটে একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করার সুযোগ থাকলেও বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান তিনি।

পরাজয়ের হতাশায় ম্যাচ শেষে ইন্টার মায়ামির খেলোয়াড়রা সিয়াটলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।