দক্ষিণ লেবাননের টাইর শহরে ইসরাইলি হামলায় এক টিভি উপস্থাপক নিহত হয়েছেন। তিনি হিজবুল্লাহ-সমর্থিত আল-মানার টেলিভিশন চ্যানেলে কর্মরত ছিলেন।
সোমবার (২৬ জানুয়ারি) লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানায়। নিহত উপস্থাপকের নাম আলী নুর আল-দীন। হিজবুল্লাহ তার হত্যাকাণ্ডকে ‘বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে।
আল-মানার টিভি স্টেশনও আলী নুর আল-দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তিনি চ্যানেলটির ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতেন।
লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এ ধরনের হামলা সাংবাদিক ও মিডিয়াকর্মীদের কাউকেই রেহাই দিচ্ছে না। তিনি নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানান।
পল মরকোস আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের দায়িত্ব গ্রহণ করা এবং এসব লঙ্ঘন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি লেবাননের মিডিয়া পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা।
এদিকে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর এক সমীক্ষা অনুযায়ী, ২০২৩ সাল থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন। অন্য পর্যবেক্ষকদের হিসাবে নিহত সাংবাদিকের সংখ্যা ১০ জন পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী আলী নুর আল-দীনের হত্যার কথা স্বীকার করেছে। তবে তারা তাকে হিজবুল্লাহর সদস্য হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় আরও দুইজনকে আহত করার কথাও স্বীকার করেছে।
সোর্স: আল-জাজিরা





