সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে বলে মন্তব্য করেছেন মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার শামিল এবং গণরায়ের প্রতি অবজ্ঞা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম জানান, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। তার দাবি, সেই নির্দেশনা উপেক্ষা করেই বিএনপি শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। তিনি আশা প্রকাশ করেন, দলটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার না হলে কাঠামোগত পরিবর্তন সম্ভব নয়। তার ভাষায়, “সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আগের অবস্থাতেই থেকে যাবে। শুধু পরিচালনাকারী ব্যক্তি বদলাবে।”

সরকারি দলের সদস্যদের উদ্দেশেও তিনি বলেন, তারাও সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছেন। তাই দ্রুত সময়ের মধ্যে তাদেরও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।