ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার পর সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে।

পরে একই পেজ থেকে আরও একটি বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা বর্তমানে একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হাসপাতাল ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছেন। এই কারণে আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হলো। আমরা আপনাদের দোয়া চাই।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইনশাআল্লাহ শিগগিরই এই সংকটের সময় কাটিয়ে সেন্টারের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।