সোলায়মান খান রানা,
নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি :
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী নেতাকর্মীরা। রোববার উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইতালিসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, সম্প্রতি এক মতবিনিময় সভায় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ মন্তব্য করেছেন—প্রবাসীরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবেন না। এ বক্তব্যকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তারা তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইতালি বোলজানু শহর বিএনপির সিনিয়র সহসভাপতি মনির হোসেন বেপারী। তিনি বলেন, “প্রবাসে থেকেও আমরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছি। আমাদের অধিকার খর্ব করে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এ সময় উপস্থিত ছিলেন ইতালির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খলিফা এবং শরীয়তপুর সমিতি, ইতালির সিনিয়র সহসভাপতি নজরুল বেপারী। তারা বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।
উজ্জ্বল খলিফা বলেন, “প্রবাসীদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
বক্তারা দ্রুত এ বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।





