ইসরাইলি বাহিনীর হাতে বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম আটক হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনের গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইলি বাহিনী আটক করে। ওই সময় জাহাজ কনশানসসহ একাধিক নৌযানে থাকা ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমও রয়েছেন।
অধ্যাপক পরওয়ার বলেন, “এই নৌযানগুলো গাজার মানুষের জন্য খাদ্য, পানি ও ওষুধসহ মানবিক সহায়তা বহন করছিল। ইসরাইলের এ ধরনের অমানবিক আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।”
তিনি আরও বলেন, “মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে বাধা দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের পরিপন্থী। দখলদার ইসরাইল মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে।”
জামায়াতের এই নেতা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে আটক সকল মানবাধিকারকর্মী ও শহিদুল আলমের নিরাপদ মুক্তি নিশ্চিত করে।
তিনি বলেন, “ক্ষুধার্ত ও অবরুদ্ধ গাজার মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি ও গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নির্বিঘ্নে পৌঁছাতে আন্তর্জাতিক মহলকে উদ্যোগ নিতে হবে।”





