একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খানের মেয়ের প্রিয় নায়ক আর কেউ নন, তাঁর নিজের বাবাই। সম্প্রতি ‘বিসিআরএ অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে এমনই মিষ্টি এক মুহূর্ত ধরা পড়ে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পান শাকিল খান। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সন্তানও।

সাংবাদিকরা মেয়েটির কাছে জানতে চান, সে কি বাংলা চলচ্চিত্র দেখে? উত্তরে সে বলে, ‘হ্যাঁ, দেখি।’ পরের প্রশ্ন আসে—বাংলা চলচ্চিত্রের প্রিয় নায়ক কে? মেয়ের নির্দ্বিধায় উত্তর, ‘আমার প্রিয় নায়ক আমার বাবা।’

সেই মুহূর্তে উপস্থিত সবাই প্রশংসায় মুখর হয়ে ওঠেন।

উল্লেখ্য, ২০০২ সালে শাকিল খান বিয়ে করেছিলেন চিত্রনায়িকা জনাকে। তাদের এক পুত্র সন্তান রয়েছে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি নারী উদ্যোক্তা শারমিনকে বিয়ে করেন, যাঁর ঘরেই জন্ম এই কন্যা সন্তানের।

একসময়ের জনপ্রিয় এই নায়ক বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও এখনও ভক্তদের কাছে সমান প্রিয়।