শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নেবে না—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের বক্তব্য একতরফা ও স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। তিনি দাবি করেন, শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এবং নির্বাচন কমিশন চাইলে এটি তালিকাভুক্ত করতে পারে। তিনি সতর্ক করে বলেন, প্রতীক নিয়ে জটিলতা তৈরি হলে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।
এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “এনসিপি শাপলা পাবে”—যা দলটির দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।
এর আগে, ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি আগামী ১৮ অক্টোবরের মধ্যে যদি বিকল্প প্রতীক নির্বাচন না করে, তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধিমালায় শাপলা প্রতীক তালিকাভুক্ত না থাকায় এটি সরাসরি দেয়ার সুযোগ নেই।
এ সময় তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের কোনো প্রস্তাব এখনও কমিশনে উপস্থাপিত হয়নি।
উল্লেখ্য, শাপলা প্রতীক নিয়ে এনসিপি দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে আসছে। দলটি একাধিকবার কমিশনে চিঠি দিয়েছে এবং বৈঠক করেছে। তারা বারবার জানিয়েছে, শাপলা প্রতীক না পেলে নির্বাচন অংশগ্রহণ ও নিবন্ধনের বিষয়েও তারা নতুন করে ভাববে। প্রয়োজনে রাজপথে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে দলটির শীর্ষ নেতারা।





