ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি এবারও জাতীয় দলে জায়গা করতে পারেননি। চলতি বছরের এশিয়া কাপের ১৫ সদস্যের দলে তার নাম নেই, এমনকি রিজার্ভ তালিকাতেও তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ৩৫ বছর বয়সী শামি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ ফিট এবং বৃহস্পতিবার থেকে দুলীপ ট্রফিতে খেলবেন।
\r\nআইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শামি ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট পেয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ১১.২৩। এই দুর্বল পারফরম্যান্সের কারণে তাকে কয়েক ম্যাচ বেঞ্চে বসতে হয়েছিল। এরপর থেকেই তার ফিটনেস ও ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে, আর নির্বাচকরা এশিয়া কাপের জন্য তিনজন পেসারকে বেছে নিয়েছেন, যাদের নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ।
\r\nশামি স্পষ্ট করেছেন যে ফিটনেস তার কোনো সমস্যা নয়। তিনি বলেন, “আমি কোনো অভিযোগ করছি না। যদি মনে হয় আমি দলে থাকার যোগ্য, আমাকে নিন; না হলে বাদ দিন। তবে আমি দুলীপ ট্রফিতে খেলতে পারি, তাহলে কেন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব না?”
\r\nইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও শামিকে দলে রাখা হয়নি। এর আগে অস্ট্রেলিয়া সফরে ফিটনেসজনিত কারণে তার সুযোগ হয়নি। তবু শামি দাবি করেন, সম্প্রতি বেঙ্গালুরুর এনসিএতে তিনি ব্রঙ্কো ফিটনেস টেস্টে সফল হয়েছেন। তিনি যোগ করেন, “এখন জাতীয় দলে ফেরার তেমন আশা নেই। যদি সুযোগ পাই, ১০০ শতাংশ দেব। না খেলালে সেটা আমার নিয়ন্ত্রণে নেই। তবে দুলীপ ট্রফিতে নামা মানে আমি সব ফরম্যাটের জন্য প্রস্তুত।”
\r\nশামির লক্ষ্য এখন দুলীপ ট্রফিতে নিজেকে প্রমাণ করা। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে আবারও যদি তিনি নির্বাচকদের নজর কাড়তে পারেন, তবে জাতীয় দলে ফিরার সুযোগ থাকলেও, অভিজ্ঞ এই পেসারের স্বপ্ন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে।





