হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ গায়ানার এক নারী যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।
ঘটনাটি ঘটে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাতারের দোহা থেকে আসা একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ একজন নারী বাংলাদেশে প্রবেশ করতে পারেন। তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।
তিনি বলেন, “ওই নারী যখন অন-অ্যারাইভাল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন, তখন তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের তিনটি জারে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো বস্তু পাওয়া যায়, যা প্রাথমিক পরীক্ষায় কোকেন হিসেবে শনাক্ত হয়।”
জব্দ করা কোকেনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা প্রধান আরও জানান, এ সময় বিমানবন্দর থানার দুই এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। আটক নারী ও জব্দ করা মাদকদ্রব্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।







