আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে টাকা ও অস্ত্র প্রবেশের আশঙ্কা ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়… যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছেন, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”

শাহজাহান চৌধুরীর এই মন্তব্যের পর তীব্র সমালোচনা দেখা দেয়। রবিবার জামায়াতে ইসলামী এক বিবৃতিতে বিষয়টি ব্যাখ্যা করেছে।

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ২২ নভেম্বরের বক্তব্য তার ব্যক্তিগত মত। এটি দল সমর্থন করে না এবং তিনি নিজেই বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংগঠন তার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। প্রশাসন তাদের দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করবে বলে জামায়াত আশা করছে এবং হস্তক্ষেপের কিছু নেই। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অতীতে যারা প্রশাসনের দায়িত্ব পেশাদারভাবে পালন করেননি, তারা দেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছেন।