আইনি জটিলতায় পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। একই মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কীর্তি সিং নামের একজন আইনজীবী এই মামলাটি দায়ের করেন। তিনি অভিযোগে জানান, ২০২২ সালে তিনি একটি গাড়ি কিনেছিলেন। গাড়িটি কিনতে তিনি কোম্পানিকে ৫১ হাজার রুপি অগ্রিম পরিশোধ করেন এবং বাকি অর্থ ঋণের মাধ্যমে পরিশোধ করেন। তবে গাড়িটি হাতে পাওয়ার পর থেকেই এতে নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ছিল, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল বলে দাবি করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, সমাধানের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হন।
তাহলে শাহরুখ খান ও দীপিকার নাম মামলায় আসলো কেন? জানা গেছে, অভিযুক্ত গাড়ি প্রস্তুতকারী কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন এই দুই বলিউড তারকা। তারা বিজ্ঞাপনের মাধ্যমে ওই গাড়ির প্রচার করেছিলেন। এ কারণেই এফআইআরে তাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ মামলাটি তদন্ত করছে। তবে এ বিষয়ে এখনও শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





