রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি বলেন, “ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের খবরে আমি ভীষণভাবে মর্মাহত। এ ঘটনায় বহু প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক।”

তিনি আরও লেখেন, “এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন শিক্ষক মাহরিন চৌধুরী। যিনি অসীম সাহসিকতার সঙ্গে প্রথমে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন এবং পরে আবার ফিরে গিয়ে ধোঁয়া ও আগুনের মধ্যে আরও শিক্ষার্থীদের জীবন বাঁচাতে চেষ্টা করেন। তার এ আত্মত্যাগ কখনো ভোলার নয়।”

আনোয়ার ইব্রাহিম বলেন, “এই শোকের সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছে। আমি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে জানাব, আমরা প্রতিটি প্রাণহানিতে শোকাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি জানাই।”

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যু এবং ১৬৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি নামের এক শিক্ষার্থী, যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৩২ জনে।

এই দুর্ঘটনায় দেশ-বিদেশে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষভাবে শিক্ষক মাহরিন চৌধুরীর বীরত্বগাঁথা ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।