বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ধাপে ধাপে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পূর্বে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। এখন সেটিকে পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার দায়িত্ব সরকার নিয়েছে। তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে। শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য—এই তিন খাতকে সমন্বিতভাবে উন্নয়নের ওপর গুরুত্ব দেন এবং বলেন, সরকার কৃষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে কাজ করছে।
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোবে।





