সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনের সময় পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হওয়ায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি আজ (৯ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, “শিক্ষকদের যৌক্তিক দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত মেনে নেওয়া সরকারের দায়িত্ব। শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর, তাদের প্রতি সহনশীল আচরণ জরুরি।”
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেছেন, অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও জাতি উদ্বিগ্ন। বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই শিক্ষাব্যবস্থা অচল হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। শিক্ষার ক্ষতি জাতির জন্য অপূরণীয়, এটি শিক্ষক সমাজকে বিবেচনায় নেওয়া প্রয়োজন।
মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানান, কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হোক এবং দ্রুত শিক্ষকদের ক্লাসে ফেরানো হোক।





