১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক দাবিসহানুভূতির সঙ্গে বিবেচনা করে মেনে নেওয়া এবং চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। হামলা ও অতি শক্তি প্রয়োগে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। শিক্ষক সমাজ, যাদের হাতেই মানুষ গড়ে ওঠে, তাদের প্রতি আরও সহনশীল আচরণ প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, “শিক্ষকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও পুরো জাতিকে উদ্বিগ্ন করেছে। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই সময়ে শিক্ষাব্যবস্থা অচল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। শিক্ষার ক্ষতি যে কোনো জাতির জন্য অপূরণীয়, সেটিও শিক্ষক সমাজকে বিবেচনায় নিতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। শিক্ষক আন্দোলনের দ্রুত অবসান ঘটিয়ে তাদের ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার জন্য আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।”





