শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে সংবর্ধনা জানানোর প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে এ ধরনের আয়োজন করতে পারবে না।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যাওয়ার পথে সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের তাকে শুভেচ্ছা জানানোর দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, তিনি একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে চান। তার জন্য কোনো ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না। কোনো শিক্ষক যেন তার জন্য শিক্ষার্থীদের এভাবে দাঁড় করিয়ে না রাখেন বলেও তিনি নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, তিনি কোথাও গেলে সেখানে যদি শিক্ষার্থী বা শিক্ষককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তা গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজনের প্রয়োজন নেই।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তারা যেন আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে না থাকে এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য বাইরে আসার প্রয়োজন নেই। তিনি নিজেই বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন।
পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।





