যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শিগগিরই শুরু হতে পারে। আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এর মধ্যেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী দেশের এক কূটনীতিকের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দুই পক্ষই আবার আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য স্থান হিসেবে পাকিস্তানের ইসলামাবাদ এবং সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, ইসলামাবাদে আগের বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া বৈঠকে দুই পক্ষ প্রস্তাব বিনিময় করলেও চুক্তির মেয়াদ নিয়ে মতপার্থক্যের কারণে সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি শর্তে অনড় অবস্থানের কারণে আলোচনা ভেস্তে যায়।
এদিকে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ নতুন করে উত্তেজনা তৈরি করেছে, যা চলমান যুদ্ধবিরতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতার কথা তুলে ধরে বলেন, আগের আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তারা বলছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সব মিলিয়ে মতপার্থক্য থাকলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে এবং ভবিষ্যতে সমঝোতার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়নি।





