জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ও জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে কমিশনকে বিতর্কিত করার অভিযোগে তাদের নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে প্যানেলটির আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন প্রার্থী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও জবি প্রশাসনের বিরুদ্ধে ‘উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর’ মন্তব্য করেছেন। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদ গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ এবং জকসু নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর স্পষ্ট লঙ্ঘন।
নোটিশে তাদের এই ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।





