বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, মাইলস্টোন কলেজের দুর্ঘটনা নিয়ে জামায়াতে ইসলামীর আমির অসত্য তথ্য ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন। বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘জুলাই শহীদদের স্মরণে সভা’তে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।


নাছির উদ্দিন বলেন, “মাইলস্টোন দুর্ঘটনার পরপরই জামায়াতের আমির এক বক্তব্যে দাবি করেন, সেখানে ১০০ জনের বেশি মানুষ মারা গেছে। আমরা জানি ছাত্রশিবিরের অনেক সদস্য ফেক আইডি ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়ায়, কিন্তু একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আমরা আগে দেখিনি।”


তিনি অভিযোগ করেন, জামায়াতের আমিরের বক্তব্যের কারণে কিছু শিক্ষার্থী ভুল তথ্যের ভিত্তিতে ধর্মঘট করে এবং কয়েকজন উপদেষ্টাকে আটকে রাখে। শিক্ষার্থীদের মধ্যে এমন ধারণা ছড়িয়ে দেওয়া হয় যে, সরকার বা সেনাবাহিনী লাশের সংখ্যা গোপন করছে।


নাছির বলেন, “সেনাবাহিনী যে মৃতের সংখ্যা জানিয়েছে, আমরা তা বিশ্বাস করি। মৃত শিক্ষার্থীদের তথ্য গোপন করার সুযোগ নেই, কারণ অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ, সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে এসব তথ্য প্রকাশ পাচ্ছে।”


ছাত্রশিবিরের সমালোচনা করে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, “যদি কেউ শিবিরের সন্ত্রাসী রূপ দেখতে চান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখতে পারেন। তারা যেখানে শক্তিশালী, সেখানে আত্মপ্রকাশ করে; আর দুর্বল হলে গোপনে রাজনীতি চালায়, কমিটি প্রকাশ করে না।”


তিনি আরও বলেন, “৫ আগস্টের পরে শিবির আত্মপ্রকাশ করলে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু এরপর তারা ছাত্রদলের বিরুদ্ধে ‘জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন, ১০০ পার্সেন্ট সেলিব্রেশন’ স্লোগানে অপপ্রচার চালাতে থাকে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ। সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী। সভায় রাবি ও রাজশাহী মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।