বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন চারজন সদস্য। এ নিয়ে মোট পাঁচজন পরিষদ সদস্য পদ ছাড়লেন। ফলে ১৮ সদস্যবিশিষ্ট পরিষদ এখন ১৩ সদস্যে নেমে এসেছে।
বুধবার পদত্যাগপত্র জমা দেন নাট্য নির্দেশক ও অভিনেতা আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা, লায়েকা বশীর এবং র্যাচেল প্যারিস। তাঁদের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। তিনি জানান, পদত্যাগপত্রগুলো সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। গত বছরের ১৮ ডিসেম্বর ১৮ সদস্য নিয়ে বর্তমান পরিচালনা পরিষদ গঠিত হয়েছিল।
আজাদ আবুল কালামের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, একাডেমি আইন অনুযায়ী প্রতি তিন মাসে অন্তত একটি সভা হওয়ার কথা থাকলেও গত নয় মাসে কোনো সভা হয়নি। পদত্যাগপত্রে তিনি লেখেন, “একাডেমি কীভাবে পরিচালিত হচ্ছে সে বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। অথচ পরিষদের সদস্য হিসেবে গৃহীত সিদ্ধান্তগুলোর দায় আমার ওপরও বর্তায়। তাই বেআইনি কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে আমি অনিচ্ছুক।”
পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলেও আজাদ আবুল কালাম ও সামিনা লুৎফার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





