জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তোলা হয়েছে। রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করার পর সন্ধ্যায় তিনি এক বিবৃতি দিয়ে এ প্রতিক্রিয়া জানান।
শিশির মনির বলেন, আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবারই আছে। মামলার অভিযোগ পড়ে মনে হয়েছে, কিছু আইনজীবী রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য অতি উৎসাহী হয়ে এটি করেছেন। তিনি বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন নিজের গতিতে চলবে। যথাসময়ে উপযুক্ত আদালতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
বিবৃতিতে তিনি মামলার আবেদনকারী ও সাক্ষীদের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। জানান, বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য হলেও প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে তারা একটি রাজনৈতিক দলের কর্মী।
এর আগে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ডিবি পুলিশকে।
মামলার অভিযোগে বলা হয়েছে, দেশের অধিকাংশ মানুষ মুসলিম এবং ধর্মীয় রীতিনীতি তাদের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। মুসলিমরা নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেন। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতির পূজা করেন। অভিযোগে বলা হয়, রোজাকে পূজার সঙ্গে তুলনা করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করতে পারেন না।





