যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম দেড় মাসের শিশুসন্তানসহ কারাগারে যাওয়ার পর অবশেষে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একই দিনে বিকেলে তেজগাঁও থানার বিস্ফোরক আইনের একটি মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে রাতের শুনানিতে জামিন মঞ্জুর হলে তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

এর আগে গ্রেপ্তারের পর শিল্পী বেগম তার দেড় মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে আদালতে হাজির হন। জামিন না মঞ্জুরের পর শিশুকে বুকে নিয়ে তিনি কারাগারে যান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। গত ২০ এপ্রিল তাকে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে রাতের শুনানিতে আদালত জামিন মঞ্জুর করেন।