বিসিবি নির্বাচন ঘিরে চলছে টান টান উত্তেজনা। একের পর এক নতুন ইস্যুতে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নাটকীয় পরিবেশ। সবশেষ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা যেন রূপ নিয়েছে ধারাবাহিক নাটকের রূপে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছিল প্রার্থীদের বিরুদ্ধে আপত্তির শুনানি, যেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।


মিরপুরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “আমি ভয়ডরহীনভাবে চেষ্টা করে যাচ্ছি। প্রচণ্ড চাপের মধ্যে আছি। এমনকি কাল আমার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যেতে পারে, কোর্টে রিট, এমনকি মামলা পর্যন্ত হতে পারে। কেন এসব হতে পারে, তা আপনারা ভালোই বুঝতে পারেন।”


তিনি জানান, গত ৫-৬ বছর ধরে তিনি চট্টগ্রামের শতদল ক্লাব পরিচালনা করছেন। পাশাপাশি আরও দুটি ক্লাবের সংগঠক হিসেবেও যুক্ত আছেন। তাই ‘তামিম সংগঠক নন’—এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।


তামিম বলেন, “শুধু ইগো বা ব্যক্তিগত জেতার খেলা খেলবেন না। আমরা কোথায় নেমে যাচ্ছি! আমাকে আজ এখানে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে, এটা সত্যিই লজ্জার বিষয়। কেউ হোক সভাপতি, আমি হারলেও কিছু যায় আসে না। কিন্তু নির্বাচনটা যেন হয় স্বচ্ছ ও সুষ্ঠুভাবে।”


তামিম বলেন, নির্বাচনে তিনি অংশ নেবেন কি না, তা এখনই বলা মুশকিল। বরং সংশয় রয়েছে আদৌ তাকে নির্বাচন করতে দেওয়া হবে কি না। তিনি বলেন, “এখন প্রশ্ন হচ্ছে, আমি নির্বাচনে অংশ নিতে পারব কি না। আমাকে সেই সুযোগ দেওয়া হবে কি না, সেটাও বড় প্রশ্ন।”


তিনি আরও বলেন, “আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই—আমার পক্ষে কেউ কথা বলার দরকার নেই। শুধু সত্যের পক্ষে কথা বলেন। আমি যদি ভুল করি, সেটাও তুলে ধরবেন। কিন্তু মিথ্যা প্রচার কিংবা পক্ষপাতদুষ্ট বক্তব্যের কোনো প্রয়োজন নেই। সত্য-সঠিক তথ্যই তুলে ধরুন।”


বিসিবি নির্বাচন নিয়ে জটিলতার এই পর্যায়ে এসে তামিমের এমন অবস্থান আগামী দিনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে।