জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বিদায় নিলেই সব ঠিক হয়ে যাবে না—স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন ও দুর্নীতির সমস্যাগুলো সমাধান না হলে প্রকৃত অর্থে দেশের পরিবর্তন হবে না। জনগণ আর কাউকে এসব সমস্যাকে উপেক্ষা করতে দেবে না।”
রোববার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক দুর্নীতির ভয়াবহ শিকার হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আমরা এখন একটি নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে বহু ছাত্র-জনতা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন—এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের এক বছর পূর্ণ হতে চলেছে। এই উপলক্ষে আমরা ৬৪ জেলায় পদযাত্রা করছি, মানুষের সঙ্গে কথা বলছি, তাদের চিন্তা-উদ্বেগ জানছি এবং সবাইকে নতুন বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
এনসিপি আহ্বায়ক বলেন, “রাণীনগরে এসেছি, অনেক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়েছে। তারা ১৯৭১ সালে যুদ্ধ করেছেন, আর ২০২৪ সালে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এবার এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।”
জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আবু সাঈদসহ বহু শিক্ষার্থীর ওপর গুলি চালায় সরকার। আমরা ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। সেদিন কোটি মানুষ ঢাকায় সমবেত হয়ে গণভবন ঘেরাও করলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। তখন থেকেই আমরা সরকার পতনের মধ্য দিয়ে নতুন পথচলা শুরু করি।”
পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেত্রী মাহমুদা দোলা, নওগাঁ জেলা প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়া অংশ নেন রাণীনগর উপজেলা রিকশা ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীউল আলম খান তুষার।





